শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় ১২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 39
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে তারা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রথমে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণ করেন তিনি।
রাষ্ট্রপতির পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনীর পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকাল ৯টায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে সর্বাত্মক আক্রমণ শুরু করে তিন বাহিনী, যা মুক্তিযুদ্ধে বিজয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক এই দিনটিকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।


























