ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা
- আপডেট সময় ১১:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 18
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের এই সামরিক সংঘাত ঘিরে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে দুই দেশের পাল্টাপাল্টি হামলার তথ্য তুলে ধরা হয়।
মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী।
উপসাগরীয় দেশ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর অবস্থান করছে। কৌশলগত গুরুত্বের কারণে এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
অন্যদিকে, হামলার দায় স্বীকার করে আইআরজিসি পৃথক বিবৃতিতে দাবি করেছে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে সফলভাবে হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উসকানির জবাব দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।
বাহরাইনে ড্রোন হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নেয়। মার্কিন সেনা ও সামরিক সম্পদের ওপর ইরান সরাসরি আগ্রাসন চালিয়েছে অভিযোগ করে ওয়াশিংটন ইরানের অভ্যন্তরে হামলার সিদ্ধান্ত নেয়।
আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন পক্ষ।
ইরানের হরমোজগান প্রদেশের কেশম দ্বীপের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দ্বীপটির কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান। ওই কর্মকর্তার ভাষ্য, দ্বীপের কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
দুই দেশের সরাসরি পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
























