হাসিনাকে ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী
- আপডেট সময় ০১:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 20
বাংলাদেশের মানুষ পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তিকে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। যারা বোমা-সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো বাংলাদেশের মানুষকে চিনতে পারেননি।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যারা মনে করছেন বোমা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তারা ভুল করছেন। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেবে না।
তিনি বলেন, বোমা হামলার ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, সেটিও দেশের মানুষ দেখছে।
সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে আসাদুজ্জামান বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে গণমাধ্যম। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে।
একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। নিজের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের ভালো কাজের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও গণমাধ্যমে তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা যদি সরকারের বা এমনকি তার নিজের বিরুদ্ধেও যায়, তাতেও কোনো সমস্যা নেই।
তিনি বলেন, গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের যে সংস্কৃতি ছিল, তা থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও আলোচনা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। একইভাবে সরকারের কোনো ভুলত্রুটি থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার সক্রিয় রয়েছে।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব কিংবা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে বাধা সৃষ্টি করা আত্মঘাতী সিদ্ধান্ত।
মতভেদ ভুলে সংগঠনের অগ্রগতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের পরামর্শ দেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের উদ্যোগে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে। এতে তারা বুঝতে পারবেন, ঝিনাইদহের উন্নয়ন এবং মানুষের কল্যাণে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন গণঅভ্যুত্থানের সময়কার কিছু ঘটনা নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, নাহিদ ও আসিফ যখন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে মারধরের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিস সেখানে বসে জুস পান করছিলেন কি না, সে বিষয়ে তার কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে। ওই সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে দাবি করেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন। এ জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে কিছু অনুসন্ধানী তথ্য পেয়েছেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ইতিহাস বিকৃতির অভিযোগে শেখ মুজিবুর রহমানকে দায়ী করা হলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না, সেই প্রশ্ন রয়েছে। নাহিদ ইসলাম যদি গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সামনে আনেন, তাহলে সেই ইতিহাসে হাসনাত ও সারজিসকে গণঅভ্যুত্থানের ‘মীরজাফর’ হিসেবে চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন তিনি।






















