রংপুরে বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত
- আপডেট সময় ১০:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 30
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় গজেন চন্দ্র রায় (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের হরকলি তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গজেন চন্দ্র রায় হাড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি কাশিয়াবাড়ি গ্রামে। স্ত্রী তাপসী রানী রায় ও দুই ছেলেকে নিয়ে তিনি রংপুর সদর উপজেলার পাগলাপীরে একটি ভাড়া বাসায় থাকতেন।
সহকর্মী, পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, বুধবার সকালে পাগলাপীরের বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন গজেন চন্দ্র। পথে হরকলি তেলপাম্প এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি নৈশকোচ তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত গজেন চন্দ্রকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গজেন চন্দ্রের আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত বলেন, বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় গজেন চন্দ্রের মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যু কখনো কল্পনাও করেননি তাঁরা। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গজেন চন্দ্র রায় মারা গেছেন। তাঁর মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























