নবীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
- আপডেট সময় ০১:২৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 15
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী ও এক বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় মহাসড়কের পাশে একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম গিরিরাজ পাল। সে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে। নিহত তরুণ সাইদুর রহমান (২৪) নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটি, তার বাবা-মা এবং অটোরিকশার যাত্রী সাইদুর রহমান গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশু গিরিরাজকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

























