জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক
- আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 22
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের পর জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ওই বৈঠকেই জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
জাতীয় দলের একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জ্যোতির আচরণ নিয়ে অভিযোগ করেছেন। তাদের একজন অধিনায়কের আচরণকে ‘স্বৈরাচারী’ হিসেবে বর্ণনা করেছেন। তার অভিযোগ, জ্যোতির কথার বাইরে গেলে বা ভিন্নমত প্রকাশ করলে ক্রিকেটারদের রোষানলে পড়তে হয়।
আরেক ক্রিকেটার অভিযোগ করেন, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ওই ক্রিকেটারের ভাষ্য অনুযায়ী, একটি ম্যাচে বল তার কাছে আসার আগেই অধিনায়ক চিৎকার শুরু করেন। এতে তিনি ঘাবড়ে গিয়ে বল মিস করেন। এরপর অধিনায়ক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি। মাঠের বাইরেও মানসিক নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন ওই ক্রিকেটার।
এদিকে সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই ঘটনার পর টি-টোয়েন্টি সংস্করণে আর দলের নেতৃত্বে থাকতে চান না বলে বিসিবিকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন জ্যোতি।
এখন পরবর্তী অধিনায়ক নির্বাচন এবং কোচিং প্যানেল নিয়েই আলোচনায় বসছে বিসিবি। সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ নারী দলের রওনা হওয়ার কথা। গুরুত্বপূর্ণ ওই সফরের আগে নেতৃত্ব ও কোচিং প্যানেল নিয়ে বিসিবির সিদ্ধান্ত নারী দলের পরবর্তী কার্যক্রমে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকছে।

























