ইরানি প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় ১১:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 27
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে প্রেসিডেন্টের যোগাযোগ দলের সদস্যরাও রয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে ইরানি প্রতিনিধিদলের। সোমবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, প্রতিনিধিদলের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্যকে ভিসা দেওয়া হয়নি। ইরানি সংবাদমাধ্যম মেহেরও প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে একই তথ্য প্রকাশ করেছে।
আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের। যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তথ্য পাওয়ার অধিকার বাধাগ্রস্ত করার অভিযোগ করেছেন।
এদিকে ইরানের একটি প্রতিনিধিদলকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের ওপর কিছু বিধিনিষেধ থাকবে। নির্দিষ্ট কিছু পণ্য, বিশেষ করে বিলাসপণ্য কেনার সুযোগ থাকবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রগামী প্রতিনিধিদলের সঙ্গে ইরান ছাড়েন। পথে তিনি কাতারে যাত্রাবিরতি করবেন।
ইরান জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহনের নৌপথ পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কিছু শর্ত দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে নৌপথটি কার্যত বন্ধ রাখার চেষ্টা করছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র।






















