বোরকা-নিকাব নিষিদ্ধ হচ্ছে ইতালির স্কুলে
- আপডেট সময় ০৩:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 28
ইতালির স্কুলগুলোতে বোরকা, নিকাবসহ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রোমে নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।
ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এটি স্থায়ী আইনে পরিণত হতে পারে।
এ সময় মেলোনি আরও জানান, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে প্রতি শ্রেণিতে তাদের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব দেওয়া হবে। তবে শিক্ষার্থীসংখ্যার নির্দিষ্ট সীমা তিনি জানাননি।
ভৌগোলিক অবস্থানের কারণে ইতালি ইউরোপে অভিবাসীদের প্রবেশের অন্যতম প্রধান পথ। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা অভিবাসন দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ইতালির স্কুলগুলোতে দেশটির নাগরিক নন—এমন শিক্ষার্থীর হার প্রায় ১২ শতাংশ।
এর আগে ইউরোপের কয়েকটি দেশ, যেমন ফ্রান্স, বেলজিয়াম ও অস্ট্রিয়াতেও মুখ ঢাকা পোশাক নিয়ে বিভিন্ন ধরনের বিধিনিষেধ চালু করা হয়েছে।























