এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
- আপডেট সময় ০৬:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 26
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ফের অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের চলাচল ও অবস্থান সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গে কথা বলে তার কাছ থেকে এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
রিকশাচালক পুলিশ সুপারকে জানান, তিনি জঙ্গল সলিমপুরে বসবাস করে গরু পালন ও চাষাবাদ করতে পারেন বলেই সেখানে থাকেন। র্যাবের অভিযান শুরুর পর থেকে এলাকায় আর কেউ আসে না বলেও জানান তিনি। তবে এর আগে অপরিচিত দু-একজনের আসা-যাওয়া ছিল বলে উল্লেখ করেন ওই ব্যক্তি।
এ সময় পুলিশ সুপার সন্ত্রাসীদের বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন। তিনি স্থানীয়দের কাছে ‘জামাই ফারুক’ নামে পরিচিত এক ব্যক্তির বিষয়ে জানতে চান এবং এলাকায় সন্ত্রাসীদের সন্ধান পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলেন।
পরে এসপি মাসুদ আলম যৌথ বাহিনীর সদস্যদের নিয়ে বিভিন্ন বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কে এবং তারা কী করেন, সে বিষয়ে খোঁজ নেন। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।























