নিখোঁজের তিন দিন পর মিলল মরিয়মের মরদেহ
- আপডেট সময় ০২:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 29
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের স্কুলছাত্রী মরিয়মের মরদেহ একটি বসতঘরের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক জামিনুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মরিয়ম চরলোটাবর এলাকার বাহাদুরের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর মরিয়ম আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের পাশের একটি বসতঘরের মাটির নিচে তল্লাশি চালায় পুলিশ। পরে সেখান থেকে মাটিচাপা অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাড়ির মালিক জামিনুরকে আদালতে পাঠানো হয়েছে। মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

























