পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় ০১:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 17
পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা ইতিমধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ বিষয়ে গঠিত নতুন মজুরি বোর্ড দ্রুত বিচার-বিশ্লেষণ করে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি নির্ধারণ করবে।
শনিবার (৭ নভেম্বর) সিলেট নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাত্র কয়েক দিনের অস্থায়ী পরিস্থিতির ওপর ভিত্তি করে কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী চটজলদি সিদ্ধান্ত নেন না। জ্বালানির নিশ্চয়তা, ব্যবসায়িক প্রক্রিয়ার সহজতা, বিরোধ নিষ্পত্তির সুযোগ ও নীতিগত স্থিতিশীলতা বিবেচনা করেই তাঁরা সিদ্ধান্ত নেন।
একই সঙ্গে সীমান্ত হাট চালু ও স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, এটি দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়। বাংলাদেশ ও সংশ্লিষ্ট অন্য দেশের যৌথ উদ্যোগেই কার্যক্রম পুনরায় চালু ও সম্প্রসারণ করা সম্ভব।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মালিক, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদির লুনা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
























