ছিনতাইয়ের হুমকির চিরকুট, জরুরি অবতরণ ভারতীয় বিমানের
- আপডেট সময় ১২:৫৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 14
বিমানে ছিনতাইয়ের হুমকি দিয়ে লেখা একটি চিরকুট ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এ ঘটনায় ১৭৮ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে লক্ষ্ণৌগামী বিমানটি জরুরি ভিত্তিতে আবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ৬ই৪৫১ নম্বর ফ্লাইটটি বেঙ্গালুরু থেকে লক্ষ্ণৌর উদ্দেশে যাত্রা শুরু করে। মাঝ আকাশে বিমানের টয়লেটে এক যাত্রী হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। এতে উল্লেখ ছিল, সন্ধ্যা সাড়ে ছয়টায় বিমানটি ছিনতাই করা হবে। হুমকিটি উপেক্ষা করলে ভয়াবহ পরিণতি হতে পারে বলেও সতর্ক করা হয়।
চিরকুটটি পাওয়ার পরপরই ওই যাত্রী বিষয়টি কেবিন ক্রুদের জানান। পরে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিমানটি বেঙ্গালুরুতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো বিমানে তল্লাশি চালান। পুলিশের প্রাথমিক ধারণা, বিমানের কোনো যাত্রী চিরকুটটি রেখে থাকতে পারেন। এ ঘটনায় যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তল্লাশি শেষে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর বিমানটি আবার লক্ষ্ণৌর উদ্দেশে যাত্রা করে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এদিকে ঘটনার পর বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল-১-এ কিছু সময়ের জন্য পূর্ণ জরুরি সতর্কতা জারি করা হয়।
ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করেই বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সময় যাত্রীদের নিয়মিত তথ্য জানানোর পাশাপাশি খাবার ও পানীয় সরবরাহ করা হয়। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
সূত্র: এনডিটিভি





















