পোল্যান্ডে ব্যস্ত সড়কে বন্দুকধারীর গুলি, নিহত ৫
- আপডেট সময় ১১:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 11
পোল্যান্ডের ক্রাকভ শহরের মেইন মার্কেট স্কয়ারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় এক ডজন মানুষ। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে ক্রাকভ পুলিশের এক মুখপাত্র হতাহতের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের গুলিতে হামলাকারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা গেছে, এক ব্যক্তি গাড়ি চালিয়ে শহরের প্রধান স্কয়ার দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্রাকভ পৌর কর্তৃপক্ষ শহরের একটি স্কয়ারে গোলাগুলির খবর জানায়। তবে প্রাথমিকভাবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনাটিকে ‘দুঃখজনক গোলাগুলি’ হিসেবে উল্লেখ করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ক্রাকভের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে নিয়মিত তথ্য জানাচ্ছেন। হামলার পটভূমি ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ক্রাকভ। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।
























