এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা, বসত বাড়ি পুড়ে ছাই
- আপডেট সময় ১০:৪৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 48
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে এবং একটি ছাগলছানার মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই ঘটনার কথা জানান নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে, তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাঁর জানা নেই। ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’ বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে পুড়ে যাওয়া বাড়ির স্মৃতির কথা তুলে ধরে তিনি লেখেন, দাদার বানানো সেই বাড়িতেই তাঁদের বড় হয়ে ওঠা। আগুনে পুড়ে যাওয়া ছাগলছানাটির নাম ছিল ‘তারা’।
নুসরাতের বাবা হালিম টম জানান, তাঁরা বর্তমানে নতুন বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে গবাদিপশু রাখা হয়। মাঝেমধ্যে আত্মীয়স্বজন এলে সেটি ব্যবহার করা হয়। আগুনে বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একটি ছাগলও মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি বলেন, কে বা কারা নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

























