কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার
- আপডেট সময় ১২:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 47
কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে খালার বাড়িতে আত্মগোপনে ছিল সে।
জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা। টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর বাসার গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় পেছন থেকে এসে তার ওপর হামলা চালায় ইমন। এ সময় ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে সে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।
গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত।
জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, কোচিংয়ে পড়ার সময় থেকেই ইমন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছিল। প্রাইভেট পড়তে গিয়েই তাদের পরিচয় হয় বলে জানা গেছে।
এ ঘটনায় জাকিয়ার বাবা মোহাম্মদ জাকারিয়া হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ইমন শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস আলীর ছেলে। সে সানআপ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

























