কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী
- আপডেট সময় ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 45
সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের অস্তিত্ব ও মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি এবং চলমান সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) সংলগ্ন শাহবাগ বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রিজভী। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে রিজভী অভিযোগ করেন, পলাতক সন্ত্রাসী এবং ছাত্র-তরুণ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো দেশে বিভিন্ন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে পার পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করলেও তারা ভুল করছেন। অতীতে পুলিশ ও বিজিবি একসঙ্গে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েও এ দেশের মানুষকে দমাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, দেশের মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেও ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি।
বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শিশু, স্কুলছাত্র, রিকশাচালক ও শ্রমজীবী সাধারণ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে একটি মহল। তার দাবি, এই অমানবিক অপশক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
রিজভী আরও বলেন, শত জুলুম ও নিপীড়নের মধ্যেও আমরা লড়াই করে টিকে আছি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্ব ও মানবিক চেহারা কলঙ্কিত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
সমাবেশ শেষে ডা. তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পিজি হাসপাতাল এলাকা থেকে যাত্রা শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।























