৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা পায়: রিজভী
- আপডেট সময় ১১:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 19
৭ নভেম্বরের বিপ্লবের মধ্যে এ দেশ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে সারা জাতি নতুন করে পথের দিশা পায়।
শনিবার (৭ নভেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নিয়েছিল তারা। আইন করে ও বাকশাল গঠন করে জনগণের কাছ থেকে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এরপর তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।
বিএনপির এই নেতা বলেন, এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয় এবং দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়ার। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন বলে দাবি করেন রিজভী।
ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, এ দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হলে একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত হওয়ার আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়ে যায়। তখন মানুষ চরম অরাজকতায় পড়ে যায় এবং সবখানে শঙ্কা তৈরি হয়। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি পান। তাঁর মুক্তির মধ্য দিয়ে সারা জাতি নতুন করে পথের দিশা পায় বলে মন্তব্য করেন তিনি।
রিজভী জানান, শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে আন্তর্জাতিক দরবারে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তিনি বলেন, তাঁর নেতৃত্বে এই জাতি বহুদলীয় গণতন্ত্র খুঁজে পায়।
























