মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
- আপডেট সময় ১২:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 17
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক হৃদয় নিহত হন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন এবং আহত সাজ্জাদকে হাসপাতালে পাঠান।
নিহত হৃদয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার বাসিন্দা। তিনি চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন এবং কয়েক দিনের মধ্যেই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে তিনি মাওয়া এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মহাসড়কে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।




















