শেকৃবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আপডেট সময় ১১:৫২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 16
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরনো গবেষণা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন ও একাডেমিক ট্যুরসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এ ঘোষণা দেন।
সভায় সিদ্ধান্ত হয়, পুরনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর আওতায় বিভিন্ন ব্যাচের পূর্বনির্ধারিত পরীক্ষা, ক্লাস, প্রেজেন্টেশন ও একাডেমিক ট্যুরও স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং প্রতিদিন বেলা ১১টার পর ক্লাস না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। রাতে টিএসসির সভায় আলোচনা শেষে তারা পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দেন।
শেকৃবির পুরনো গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে এবং মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।



















