আলোকস্বল্পতায় শেষ তৃতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ১০৬
- আপডেট সময় ০৭:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 20
মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। দিনের শেষ দিকে বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ৭৯ রান। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিডসহ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মোট ১০৬ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তবে হাতে মাত্র চার উইকেট থাকায় চতুর্থ দিনে বড় সংগ্রহ গড়াই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষভাগে আলো কমে আসায় আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। তখন ক্রিজে ছিলেন জাকের আলী অনিক ও নাঈম হাসান। দুজনই ১৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করে। দলের হয়ে সাদমান ইসলাম ১০৫ রানের শতক করেন। এ ছাড়া তাওহীদ হৃদয় ৪২, মুমিনুল হক ২৮ এবং লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৪৫ রানে। বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৩৩ রান খরচায় চারটি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম পান দুটি করে উইকেট। এতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে স্বাগতিকরা। সাদমান ইসলাম ১৩ রান করে রোস্টন চেজের বলে আউট হন। তানজিদ হাসান তামিম কোনো রান না করেই ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১০ রান। তাওহীদ হৃদয়ও শূন্য রানে আউট হন।
মাত্র ১৩ ওভারে ৩৪ রান তুলতেই চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে স্বাগতিকদের আরও চাপে ফেলেন চেজ ও জোমেল ওয়ারিকান। ৫৩ রানে ছয় উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
এরপর জাকের আলী অনিক ও নাঈম হাসান মিলে দলের হাল ধরেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ তিনটি, জোমেল ওয়ারিকান দুটি এবং শামার জোসেফ একটি উইকেট নিয়েছেন। চতুর্থ দিনে জাকের ও নাঈমের জুটি কতটা এগোতে পারে, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের লিড আরও বাড়ানোর সম্ভাবনা।

























