যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩
- আপডেট সময় ০৬:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 17
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কাছে রবিনসন আর২২ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এয়ারবাসের একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে হেলিকপ্টার দুটি মহাসড়কের পাশের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে একজন ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক। তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলট। অন্য হেলিকপ্টারটির একমাত্র আরোহীও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসন আর২২ হেলিকপ্টারে থাকা ফ্লাইট প্রশিক্ষকের নাম ম্যাডি আসবো। তবে যুক্তরাজ্যের শিক্ষানবিশ পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার স্বজনদের দুর্ঘটনার খবর জানাতে কনস্যুলেট ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।
অন্য হেলিকপ্টারটির একমাত্র আরোহী ছিলেন টাইলার ডেলেন স্টারডেভ্যান্ট (৩৮)। তিনি ওরেগনের নিউবার্গ এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিবিসি এফএএর সঙ্গে যোগাযোগ করেছে।
দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনা করত জেরি ট্রিম্বল হেলিকপ্টারস নামের একটি ফ্লাইট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে পরিচালিত হয়।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। তদন্তকারীদের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।
উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলাকালে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি





















