রামপুরা ব্রিজে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- আপডেট সময় ০৩:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 15
রাজধানীর রামপুরা ব্রিজে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ শহীদুল্লাহ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে শহীদুল্লাহকে নিয়ে আসা মোহাম্মদ জুয়েল রানা জানান, রামপুরা ব্রিজের ওপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার ১৫৮৭ নম্বর বাসার হারুন অর-রশিদের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

























