স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ হৃদয়
- আপডেট সময় ০৪:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 15
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চোট পেয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। বাঁ পায়ের হাঁটুর নিচে ব্যথা অনুভব করায় বুধবার (২৮ অক্টোবর) ম্যাচের তৃতীয় সেশনে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। দলের ইনিংস এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এই চোট বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৬৫.৫ ওভারে। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলসের করা বল থেকে সিঙ্গেল নিতে যাওয়ার সময় বাঁ হাঁটুর ঠিক নিচে বাম পায়ে তীব্র ব্যথা অনুভব করেন হৃদয়।
এরপর তাঁকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। স্বাভাবিকভাবে চলাফেরা করতে সমস্যা হওয়ায় দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
মাঠ ছাড়ার আগে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করছিলেন হৃদয়। দলের প্রয়োজনে ক্রিজে টিকে থেকে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। ৮৪ বল মোকাবিলা করে তাঁর ব্যাট থেকে আসে ৪২ রান।
গুরুত্বপূর্ণ সময়ে হৃদয়ের মাঠ ছাড়ার ঘটনায় বাংলাদেশের ইনিংসে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই টেস্টে তিনি আবার ব্যাট করতে পারবেন কি না কিংবা পরবর্তী সময়ে মাঠে নামতে পারবেন কি না, তা তাঁর শারীরিক পরীক্ষার প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
হৃদয় মাঠ ছাড়ার পর ক্রিজে শাদমান ইসলামের সঙ্গে ব্যাটিং চালিয়ে যান লিটন কুমার দাস।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৭ রান।

























