গাজার শিশুদের জন্য হামজার ১ লাখ পাউন্ড সংগ্রহ
- আপডেট সময় ১০:০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 22
গাজার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। সংগৃহীত অর্থ দিয়ে চিকিৎসার প্রয়োজনে শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
নিজ উদ্যোগে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। এ কাজে সহযোগিতার জন্য অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি, অনুদানদাতা এবং বিভিন্নভাবে পাশে থাকা সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।
হামজার এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছে নুজুম স্পোর্টস। তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে।
সংগৃহীত অর্থ দেওয়া হবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থাকে। গাজায় শিশুদের জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। অর্থটি শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্থানান্তর কার্যক্রমে ব্যয় করা হবে।
অল্প সময়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরে আনন্দিত হামজা। তবে গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা সামান্য বলেই মনে করেন তিনি। তার মতে, শিশুদের দুর্দশা কমাতে এখনো অনেক কিছু করার বাকি। ছোট-বড় প্রতিটি উদ্যোগই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। তাদের কষ্ট লাঘব, শক্তি ও ধৈর্য কামনার পাশাপাশি ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাও প্রকাশ করেছেন তিনি।

























