ইংলিশ মার্ক উড বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে
- আপডেট সময় ০৮:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 19
দ্রুতগতির বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখা ইংলিশ পেসার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সে বাঁ হাঁটুর দীর্ঘদিনের চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দীর্ঘ সময় ধরে চোটের সঙ্গে লড়াই করে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে আসছিলেন উড। তবে শারীরিক সমস্যার কারণে এখন আর টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না উড। আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা রয়েছে তার। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তাকে মাঠে দেখা যেতে পারে।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় ১১ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উড। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮ টেস্টে ১১৯, ৭০ ওয়ানডেতে ৮০ এবং ৩৮ টি-টোয়েন্টিতে ৫৪ উইকেট নিয়েছেন তিনি।
উড ইংল্যান্ডের ২০১৫ অ্যাশেজ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ট্রেন্ট ব্রিজে অ্যাশেজ জয়ের শেষ উইকেটটিও ছিল তার শিকার।
বিদায়ের সময় উড বলেন, তার পরিসংখ্যান হয়তো তাকে ক্রিকেট ইতিহাসের সেরাদের তালিকায় রাখবে না। তবে সতীর্থরা যেন তাকে এমন একজন খেলোয়াড় হিসেবে মনে রাখেন, যিনি প্রতিবার মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

























