হাসিনাকে ভারত ফেরত দেবে বলে মনে হয় না: গয়েশ্বর
- আপডেট সময় ০৭:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 1
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দেবে বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ বিষয়ে ভারতও একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক স্বার্থ, সম্মান ও একে অপরের জাতীয় স্বার্থে হস্তক্ষেপ না করার ভিত্তিতে হওয়া উচিত বলে মত দেন বিএনপির এই নেতা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন। তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে। কোনো দেশ আয়তনে বড় বা শক্তিশালী হলেও বাংলাদেশের জাতীয় স্বার্থে হস্তক্ষেপ করার অধিকার তার নেই।
শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ও অপরাধের বিষয় রয়েছে, সেগুলোর বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দায়িত্বের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণ সরকারকে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের তা যথাযথভাবে পালন করতে হবে। বিএনপি কখনো আইন নিজের হাতে তুলে নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, বিএনপি অতীতেও রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব সরকারের।
তিনি আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ন্যায়বিচার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। বিএনপি এখনো সেই রাজনৈতিক আদর্শ ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর জনগণের জানমালের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা বক্তব্য দেন।

























