সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 6
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেবেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) চার মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান।
তিনি বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ জন সফরসঙ্গী থাকবেন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক নেতা সফরসঙ্গী হিসেবে থাকছেন।
সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রসচিব।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সফরে থাকছেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।























