একনেকে উঠছে ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প
- আপডেট সময় ১২:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 22
ঢাকার যানজট কমানো ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে মেট্রোরেল লাইন-৫-এর সাউদার্ন রুট প্রকল্প অনুমোদনের জন্য একনেকে তোলা হচ্ছে। ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পটি বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ ২৩ হাজার টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের প্রকল্প ঋণ থেকে সংগ্রহের প্রস্তাব রয়েছে।
নতুন সময়সীমা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০৩৩ সালের আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একনেকের নথি অনুযায়ী, মেট্রোরেল লাইন-৫-এর সাউদার্ন রুট গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও হয়ে আফতাব নগরে যাবে। এরপর আফতাব নগর সেন্টার, আফতাব নগর পূর্ব, নাসিরাবাদ হয়ে দাসেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে রুটটি।
প্রকল্পের আওতায় মেইন লাইন ও স্টেশন নির্মাণ, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা স্থাপন, আধুনিক রেলওয়ে সিস্টেম চালু, রোলিং স্টক ও ডিপো সরঞ্জাম সংগ্রহের কাজ থাকবে। পাশাপাশি পরামর্শক সেবা, জমি অধিগ্রহণ ও পুনর্বাসন এবং বিভিন্ন ইউটিলিটি স্থানান্তরের কাজও করা হবে।
বর্তমানে ঢাকায় এমআরটি লাইন-৬ আংশিকভাবে চালু রয়েছে। একই সঙ্গে এমআরটি লাইন-১ ও লাইন-৫-এর নর্দান রুটের কাজ চলমান রয়েছে।
সাউদার্ন রুট চালু হলে এটি নর্দান রুট ও এমআরটি লাইন-১-এর সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে যাত্রীরা এক মেট্রোরেল লাইন থেকে অন্য লাইনে তুলনামূলক সহজে যাতায়াতের সুযোগ পাবেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর উত্তর-দক্ষিণের পাশাপাশি পূর্ব-পশ্চিম অংশের গণপরিবহন যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে প্রকল্প সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।























