পুষ্টি ও ঐতিহ্যের মেলবন্ধন: আজ ৪ জুলাই বিশ্ব কাঁঠাল দিবস
- আপডেট সময় ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 17
বাঙালির খাদ্যাভ্যাস, লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দিবস আজ। প্রতি বছর ৪ জুলাই আন্তর্জাতিকভাবে বিশ্ব কাঁঠাল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাহ্যিক দিক থেকে কাঁটাযুক্ত ও অসম আকৃতির মনে হলেও, এই ফলটি স্বাদ, সুবাস ও অনন্য পুষ্টিগুণের জন্য সমাদৃত। ২০১৬ সাল থেকে বিশ্বজুড়ে কাঁঠালের বহুমুখী ব্যবহার এবং উদ্ভিদভিত্তিক পুষ্টিকর খাদ্য হিসেবে এর অপার সম্ভাবনাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই বিশেষ দিবসটি উদযাপিত হচ্ছে।
উদ্ভিদবিদদের গবেষণা অনুযায়ী, কাঁঠালের আদি নিবাস ভারতের পশ্চিমঘাট পর্বতমালা। ইতিহাস থেকে জানা যায়, ১৫৬৩ সালে পর্তুগিজ পণ্ডিত গার্সিয়া দা অর্তা এই ফলটিকে প্রথম ‘জ্যাকা’ নামে অভিহিত করেছিলেন। পরবর্তীতে ১৭৮২ সালে কাঁঠাল জ্যামাইকায় পৌঁছায় এবং সেখান থেকে তা ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকায় বিস্তার লাভ করে। কাঁঠাল কেবল বাংলাদেশেরই জাতীয় ফল নয়, এটি লঙ্কারও জাতীয় ফল হিসেবে স্বীকৃত। এছাড়া ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যের রাজ্যফল হিসেবে এটি স্থান পেয়েছে, যার মধ্যে ২০১৮ সালে কেরালা সরকার কাঁঠালকে আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্রীয় ফল’ হিসেবে ঘোষণা করে।
উৎপাদন ও অর্থনৈতিক দিক থেকে কাঁঠাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল। বিগত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে প্রায় ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে, যা বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৃষিবিদদের মতে, দেশের সর্বত্র সহজলভ্যতা এবং সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তার কারণেই এই ফলটিকে বাংলাদেশের জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে।
বর্তমানে কাঁঠালের বহুমুখী ব্যবহার কেবল কাঁচা তরকারি বা পাকা ফল খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। কাঁচা কাঁঠাল তার বিশেষ আঁশযুক্ত গঠনের কারণে ‘গরিবের মাংস’ হিসেবে পরিচিতি পেয়েছে। এর পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির মাধ্যমে কাঁঠালভিত্তিক খাদ্যশিল্পের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় ফল মেলায় কাঁঠালের তৈরি বিরিয়ানি, বার্গার, কাবাব, কাটলেট, চিপস, পাকোড়া, ললিপপ, পেস্ট্রি, কেক ও হালুয়াসহ নানা পদের উদ্ভাবনী খাবার প্রদর্শিত হয়েছে, যা এর বাণিজ্যিক গুরুত্বকে প্রমাণ করে।
পুষ্টিবিজ্ঞানীদের মতে, কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটি ফল, যা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদানের দারুণ উৎস। এটি উচ্চমাত্রার আঁশ বা ফাইবারসমৃদ্ধ হওয়ার পাশাপাশি অন্যান্য অনেক দেশি ফলের তুলনায় বেশি প্রোটিন সরবরাহ করে, যা মানুষের পরিপাকতন্ত্রকে সচল রাখতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এছাড়া কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং পটাশিয়াম রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।




















