তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপ: ৩টি দেশে ৩ হাজারের হিটস্ট্রোকে মৃত্যু
- আপডেট সময় ০২:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 23
ইউরোপজুড়ে সাম্প্রতিক ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম তাপপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত টানা আট দিন ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। ইউরোপের স্বাভাবিক জলবায়ুর তুলনায় এ সময়ের তাপমাত্রা ছিল অস্বাভাবিকভাবে বেশি। এতে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।
আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক এই তাপপ্রবাহ ইউরোপে রেকর্ড হওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। তাদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবই এ পরিস্থিতির অন্যতম কারণ।
সরকারি তথ্য অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, তীব্র তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।
তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, জুন মাসের আট দিনের তাপপ্রবাহে সেখানে ২ হাজার ২৫টি অতিরিক্ত মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিশেষ করে ৪৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার ভাষ্য, সরকারের হাতে থাকা পরিসংখ্যানের চেয়েও প্রকৃত মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের কম এবং বাকিদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে গ্রীষ্মকালীন মৌসুমে এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা আগে কখনও দেখা যায়নি।
অন্যদিকে, নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুনের আট দিনের তাপপ্রবাহে দেশটিতে ৪৮০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের বেশিরভাগের বয়স ছিল ৮০ বছরের বেশি।
সূত্র: রয়টার্স।























