পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত অনুমোদন
- আপডেট সময় ০৫:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 22
প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই বৈঠকে দেশে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অপর অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। ফলে তিন জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছিল।
এ পরিস্থিতিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার প্রশাসনিক আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। নিকারের বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


















