দেশের অর্থনীতি চাঙা করতে ব্যবসায়ীদের প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে সরকার
- আপডেট সময় ০৪:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 22
দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং বিনিয়োগ স্থবিরতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি বলেন, অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার ব্যবসায়ী সমাজের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিশেষ করে আগামী জাতীয় বাজেটে বেসরকারি খাতের যৌক্তিক প্রস্তাবনাগুলো অন্তর্ভুক্ত করার সক্রিয় পরিকল্পনা রয়েছে সরকারের।
বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে শুধু নতুন বিনিয়োগ আকৃষ্ট করাই নয়, বরং বিদ্যমান শিল্প ও ব্যবসা খাতকে টিকিয়ে রাখাই এখন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি জানান, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি খাতের ভূমিকা অপরহার্য। ব্যাংক ব্যবস্থাপনা এবং লজিস্টিক খাতের সমস্যাগুলো কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের কাছ থেকে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট নীতি-সহায়তার প্রস্তাবনা প্রত্যাশা করছে সরকার।
রাজস্ব আদায়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সতর্ক করেন যে, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি করা না গেলে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন বাধাগ্রস্ত হবে। রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ী সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা বর্তমানে সঠিক নেতৃত্বের অধীনে রয়েছে এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে একজন ব্যবসায়ীবান্ধব ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।
এফবিসিসিআই আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার সঞ্চালনা করেন এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, সরকারের এই উদ্যোগের ফলে আগামী দিনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
























