আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: ইশরাক
- আপডেট সময় ১২:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 13
আওয়ামী লীগকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ইশরাক হোসেন। তিনি বলেছেন, দেশকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে মুক্ত করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আগুন-সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইশরাক হোসেন বলেন, দেশকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে চিরতরে মুক্ত করতে হবে। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলে পরিচয় দিলেও আওয়ামী লীগের মতো একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করার ওপরও গুরুত্ব দেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকেই পরিচালিত হয়েছে। তবে ২০২৪ সালে মুক্তিযুদ্ধ ও দেশকে পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইশরাক।
পলাতক ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে আসার চেষ্টা করলে তাদের ধরে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। ইশরাকের দাবি, মাত্র এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি; বরং আরও মানুষ হত্যার পরিকল্পনা করছে।
বাংলাদেশকে রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুর রহমান হাবিব এবং সংসদ সদস্য ইশরাক হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।























