ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
- আপডেট সময় ০৩:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 11
মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তের সময় শিক্ষক মোহাম্মদ শাহ আলম বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।




















