ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ পাচ্ছে না আইএইএ
- আপডেট সময় ০৯:৩২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 24
ইরানের কাছে থাকা ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান জানতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তেহরানের অসহযোগিতার কারণে এসব পরমাণু উপাদান শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা যাচাই করতে পারছে না সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের পরমাণু উপাদানের বর্তমান অবস্থান ও ব্যবহার যাচাই করতে না পারার বিষয়টি আইএইএ তাদের এক গোপন প্রতিবেদনে উল্লেখ করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ডের বাইরে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য সংস্থাটির হাতে নেই।
বিশেষ করে ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ। গত বছর ইরান স্থাপনাটির বিষয়ে সংস্থাটিকে জানিয়েছিল। তবে এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি পায়নি আইএইএর প্রতিনিধিরা। ফলে স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে কোনো পরমাণু উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না সংস্থাটি।
২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস হয় অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
আইএইএর হিসাবের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়। তবে ওই হামলার পর থেকে বিপুল পরিমাণ এই ইউরেনিয়াম কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি আইএইএ।
প্রতিবেদনে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে দ্রুত যাচাই কার্যক্রম শুরু করা জরুরি। পরিদর্শকদের পুনরায় সেখানে যাওয়ার সুযোগ তৈরি করতে ইরানকে ধাপে ধাপে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইএইএ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, তাদের কাছে থাকা সব গোপন তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে সংস্থাটি।





















