ক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতা জরুরি: শামা ওবায়েদ
- আপডেট সময় ০৪:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 36
অসন্তোষ বা ক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের ‘টার্কিশ হাউস’-এ জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মিডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সংঘাত শুরুর আগেই উদ্যোগ নেওয়া গেলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। এ জন্য মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বাড়াতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিভিন্ন দেশ, আঞ্চলিক পক্ষ, স্থানীয় মধ্যস্থতাকারী ও জাতিসংঘের মধ্যে আরও কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি জাতিসংঘের আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর জোর দেন। এ জন্য নিয়মিত অর্থায়ন, দ্রুত মধ্যস্থতা সহায়তা এবং সময়মতো পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
এ ছাড়া মধ্যস্থতার কাজে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকটি ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন।
























