সৌদির বিমানবন্দরে মিসাইল হামলার দাবি হুথিদের
- আপডেট সময় ০৬:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 25
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের ছোড়া একটি মিসাইল সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে এবং এতে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে ইয়াহিয়া সারি এ দাবি করেন।
তিনি আন্তর্জাতিক বিমানগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়ে বলেন, এই আকাশসীমা এখন হুথিদের সামরিক অভিযানের আওতাভুক্ত।
একই সঙ্গে সৌদি আরবের জাজান অঞ্চলের আল-দাগারি ক্যাম্পে সেনা সমাবেশ লক্ষ্য করেও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেন হুথিদের এই সামরিক মুখপাত্র।
হুথিদের দাবি, এসব হামলায় সৌদি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি।






















