হুতিদের বিরুদ্ধে অভিযান, কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি
- আপডেট সময় ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 23
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোটের সহযোগী সরকারি বাহিনী। অভিযানে বাব আল-মান্দেব প্রণালির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে তারা।
সোমবার ইয়েমেনি কর্মকর্তারা জানান, বাব আল-মান্দেবের উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ ধুবাব শহর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত।
কর্মকর্তাদের দাবি, ধুবাবের পাশাপাশি বাব ও হাদেইদ শহরও সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী এসব এলাকায় ট্যাংক ও সেনাদের প্রবেশ করতে দেখেছেন বলে জানান।
কর্মকর্তারা জানান, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে ইয়েমেনের পশ্চিম উপকূলে সরকারি বাহিনী অগ্রসর হচ্ছে।
অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাবিগ শহরের একটি তেল শোধনাগারকে হামলার লক্ষ্য করা হয়।
এ ছাড়া আভা বিমানবন্দর, খামিস মুশাইতের সামরিক স্থাপনা এবং নাজরান ও জিজানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেন তিনি।






















