শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া উপায় ছিল না ভারতের: হাইকমিশনার
- আপডেট সময় ০৩:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 18
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া সে সময় দেশটির সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তা-ই করেছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী পরিস্থিতি তৈরি হতো, তা তাঁর জানা নেই। তবে ভারতের পক্ষ থেকে সে সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।
শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছেছিলেন, সে বিষয়ে তিনি বলেন, তাঁকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সেই প্রক্রিয়া চলমান। এতে আদালতও যুক্ত রয়েছে। তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি একাধিকবার স্পষ্ট করেছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তার নিজস্ব আইনগত ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।






















