শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত শতাধিক
- আপডেট সময় ০৭:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 17
শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ এবং পরে কারারক্ষীদের সঙ্গে সহিংস দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০০ জনের বেশি বন্দী ও কারারক্ষী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার, ৫ জুলাই শুরু হওয়া সহিংসতা সোমবারও অব্যাহত ছিল। নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দী রয়েছেন। আহতদের অনেকের শরীরে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তাদের নেগোম্বো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরে মাদক পাচারের সঙ্গে জড়িত দুই প্রতিদ্বন্দ্বী বন্দী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটে। রোববারের সংঘর্ষে দুই বন্দী নিহত এবং আরও ৩৮ জন আহত হন।
কারা প্রশাসন প্রথম দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সোমবার সকালে আবারও বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তারা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে কারাগারের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র লুট করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথমে পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) মোতায়েন করা হয়। পরে পুলিশ, বিমানবাহিনীর ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় শ্রীলঙ্কান সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।
ঘটনার কারণ অনুসন্ধানে শ্রীলঙ্কার কারা কর্তৃপক্ষ ও পুলিশ পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দেশটির বিচার মন্ত্রণালয় এ ঘটনায় বিস্তারিত প্রতিবেদন তলব করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দী থাকার কারণে শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে প্রায়ই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। নেগোম্বো কারাগারেও বর্তমানে ২ হাজার ৪১৭ জন বন্দী রয়েছে, যা এর ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি।























