প্রতিবন্ধীদের সম্পদ হিসেবে গড়তে চায় সরকার: ডা. বিটু
- আপডেট সময় ০২:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 13
প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেছেন, যথাযথ পরিচর্যা ও দক্ষতা বিকাশের সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
রোববার (২২ নভেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ এলাকায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন ছোঁয়া একাডেমি’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন ডা. বিটু। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
ডা. বিটু বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার। স্বাস্থ্য খাতে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় দ্বিগুণ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে।
তিনি জানান, বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মানুষকে পরামর্শ দেবেন।
প্রতিবন্ধিতা প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এই চিকিৎসক বলেন, গর্ভবতী মায়ের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে শিশুর জন্মের আগে ও পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মায়ের স্বাস্থ্যসেবা এবং সচেতনতা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতার ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যেই সরকার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, তাদের জন্য চাকরি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে উপযোগী শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো শিশু শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হলেও অন্য কোনো ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভা থাকতে পারে। কেউ হাতের কাজে দক্ষ হলে তাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আবার কারও কথা বলার দক্ষতা ভালো হলে সেই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে।
ডা. বিটু বলেন, প্রতিবন্ধী শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা সম্ভব। তারা যেন সমাজের বোঝা না হয়ে আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সম্পদে পরিণত করার পরিকল্পনা ও উদ্যোগ সরকারের রয়েছে।
স্বপ্ন ছোঁয়া একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপি নেতা ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. তাপস দাসসহ গাবতলী পৌর বিএনপির নেতাকর্মীরা।

























