অপসাংবাদিকতা নিয়ে ক্ষুব্ধ দীঘি
- আপডেট সময় ০৯:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 22
অনলাইনে চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহারের প্রবণতা এবং অপসাংবাদিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তার মতে, মূল ঘটনা আড়াল করে সস্তা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এ ধরনের চর্চা বাড়ছে, যা সাংবাদিকতার পেশাদারিত্বের পরিপন্থী।
নিজেকে সাংবাদিকতার শিক্ষার্থী উল্লেখ করে দীঘি বলেন, সাংবাদিকতার অন্যতম মৌলিক নীতি হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত করে প্রশ্ন না করা। কিন্তু বর্তমানে চটকদার ক্যাপশন ও সংবেদনশীল শিরোনাম ব্যবহার করে অনেক ক্ষেত্রে সংবাদের মূল বক্তব্যই বদলে দেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, তার নানা সাংবাদিক ছিলেন। প্রয়াত মায়েরও অনেক সাংবাদিক বন্ধু ছিলেন। এ ছাড়া তার নিকটজনদের অনেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। এ কারণে গণমাধ্যমে বর্তমান অপেশাদার চর্চা তাকে কষ্ট দেয়।
দীঘির ভাষ্য, এখন অনেক ক্ষেত্রে সাংবাদিকতার নিয়মনীতি অনুসরণ না করে শুধু মোবাইল ফোনে ভিডিও ধারণের মাধ্যমে চটকদার কনটেন্ট তৈরি করা হচ্ছে। ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হচ্ছে। এতে পাঠক ও দর্শকদের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে।
২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় প্রার্থনা ফারদিন দীঘির। ২০১২ সাল পর্যন্ত তিনি ৩৬টি সিনেমায় অভিনয় করেন। পরে পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নেন। বিরতি শেষে নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফেরেন তিনি।
গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন দীঘি। বর্তমানে তার অভিনীত ‘বিদায়’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

























