মাশরাফির বিরুদ্ধে নড়াইলের সহিংসতায় ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের
- আপডেট সময় ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 43
নড়াইলের সহিংসতার ঘটনায় সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার ইন্ধনের অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়মিত টাকা পাঠান মাশরাফি। সর্বশেষ সহিংসতাও তিনি সন্ত্রাসীদের দিয়ে চালিয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। তবে এসব অভিযোগের বিষয়ে মাশরাফির কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি লেখেন, গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার হাতে মাশরাফির বাড়িতে ভাঙচুরের ক্ষোভ আজও তাঁর মধ্যে রয়েছে। এর প্রতিশোধ নিতে তিনি বেপরোয়া হয়ে গেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, এ জন্য মাশরাফি সর্বোচ্চ অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যায় মদদ দিচ্ছেন।
রাশেদ খাঁন লেখেন, মাশরাফির অনুসারীরা ফেসবুকে প্রচার করছেন, মাশরাফি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দিই নি! কেনো বলছে না?’
নিজেকে একসময় মাশরাফির ভক্ত উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে তাঁর দাবি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও লেখেন, মাশরাফি মনে করছেন ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে। সেই ভরসায় দুই বছর বিরতি দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রাশেদ খাঁনের ভাষ্য, ‘যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার।’
তিনি আরও লেখেন, মাশরাফির মনুষ্যত্ব থাকলে গণ-অভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন, কিংবা গণ-অভ্যুত্থানের পর ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন। তাঁর অভিযোগ, মাশরাফি আওয়ামী লীগ ফিরলে মন্ত্রী হওয়ার আশায় আছেন।


























