গাজীপুরে গুলি করে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই
- আপডেট সময় ১২:৫৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 21
গাজীপুরের শ্রীপুরে টাকাবাহী একটি প্রাইভেটকার আটকে গুলি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গাড়িতে থাকা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ৩ কোটি বলে জানা গেছে।
এ ঘটনায় বিকাশ এজেন্টের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেনও। হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত গাড়িচালক লাল মিয়ার ভাষ্য অনুযায়ী, তারা নরসিংদী থেকে একটি প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা নিয়ে রওনা হয়েছিলেন। গাড়িটি শ্রীপুরের গোসিঙ্গা-কর্নপুর এলাকার একটি গজারি বনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথ আটকে দেয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা টাকার বস্তা নেওয়ার চেষ্টা করলে বাধা দেন হিমেল আহমেদ। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে টাকা নিয়ে টানাহেঁচড়া ও ধস্তাধস্তির মধ্যে লাল মিয়াসহ আরও দুজন আহত হন। একপর্যায়ে গাড়িতে থাকা তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

























