আত্মসমর্পণের আগেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে: আইনমন্ত্রী
- আপডেট সময় ০২:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 21
বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রচলিত আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার রাখেন। তবে দেশে ফিরলে তাকে প্রচলিত আইন অনুযায়ীই প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে কেউ কীভাবে দেশে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিষয়। বাংলাদেশের আইনগত এখতিয়ারের মধ্যে প্রবেশ করার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, আইন তাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাই প্রয়োগ করা হবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি জানান, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজন হলে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।
























