বিপিএল নিয়ে তামিমের বার্তা
- আপডেট সময় ০৫:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 19
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে চলমান আলোচনা ও অনিশ্চয়তার মধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, শুধু আয়োজনের জন্য বিপিএল আয়োজন করা হবে না। পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে না পারলে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তামিম। সাম্প্রতিক সময়ে আসন্ন আসর অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে গুঞ্জনের মধ্যেই বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তামিম বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করবো না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি, তাহলে ভালোভাবে করবো। যেভাবে করা দরকার, সেভাবেই করবো।’
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়েও কথা বলেন বিসিবি সভাপতি।
তিনি জানান, ৯ জুলাই প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এবং ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত আনুষ্ঠানিক বোর্ড সভায় তিনি অংশ নেন। সেখানে তাকে স্বাগত জানানো হয় এবং নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ পান।
তামিম বলেন, আইসিসির গুরুত্বপূর্ণ একটি কমিটির চেয়ারম্যান হওয়া তার ব্যক্তিগতভাবে গর্বের বিষয়। একই সঙ্গে বাংলাদেশের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কার্যক্রম, পরিচালনা পদ্ধতি এবং নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবে এই কমিটি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন কমিটিতে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।























