মমতাজকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ
- আপডেট সময় ০২:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 32
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদন সমর্থন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পাশাপাশি পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আবেদনে বলা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ আছে, ওই ঘটনায় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য হন এবং ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে বিজয়ী হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।


























