ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ
- আপডেট সময় ১২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 31
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে কয়েকজন ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে জানা গেছে। গুরুতর আহত শরীফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়নগর শিমুলতলা এলাকা থেকে প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন শরীফ। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে কয়েকজন তার গাড়ির গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে হামলাকারীরা শরীফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার মাথার নিচের অংশ ও গলায় গুলি লাগে বলে জানা গেছে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত অবস্থাতেও শরীফ নিজেই গাড়ি চালিয়ে জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টের ২ নম্বর গেটের সামনে পর্যন্ত যান। সেখানে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরে শরীফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে ঈশ্বরদী থানায় নিয়ে যায়। তবে হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার পর জয়নগর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরীফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।



















