যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
- আপডেট সময় ১১:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 14
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাওন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন সংঘর্ষে পড়া ডিটিএল পরিবহনের বাসটির হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে শাওন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় যায়। সংঘর্ষে বাসের হেলপার শাওন গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, শাওন ছোটবেলা থেকেই ওই বাসে থাকতেন এবং হেলপার হিসেবে কাজ করতেন। তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে। শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

























