রাতের আঁধারে রাজবাড়ী বিএনপি কার্যালয়ে আগুন
- আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 17
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের প্রবেশপথের কেচিগেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে জেলা শহরের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কেচিগেটের সামনের অংশ পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুন দেওয়ার আলামত পাওয়ার কথা জানিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তাঁর দাবি, রাত ১টা পর্যন্ত নেতাকর্মী ও কেয়ারটেকার কার্যালয়ে ছিলেন। তাঁরা চলে যাওয়ার পরই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু বলেন, বিএনপির কার্যক্রম ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ নাশকতা চালানো হয়েছে বলে তাঁরা মনে করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
কার্যালয়ের কেয়ারটেকার মো. আতর আলী শেখ বলেন, রাত ১টার দিকে তিনি কার্যালয়ের সব তালা পরীক্ষা করে বাড়িতে চলে যান। তখন আশপাশে কাউকে দেখতে পাননি। সকালে তাঁর স্ত্রী কার্যালয়ের কেচিগেট পোড়া অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে দলীয় নেতাকর্মীদের খবর দেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়ার আলামত পেয়েছে। প্রাথমিকভাবে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।























